লক্ষ্মীপুরের রামগতি পৌর এলাকায় পানি সরবরাহ লাইনের সংস্কারকাজ চলাকালে মাটির নিচ থেকে রকেটসদৃশ তিনটি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা তাজল ওসি সড়কের শহীদ মাস্টার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের খবর মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় করেন। পরে রামগতি থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো রকেটের অংশ বা অবিস্ফোরিত রকেট হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তাজল ওসি সড়কে পানি সরবরাহ লাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য শ্রমিকরা খননকাজ শুরু করেন। প্রায় সাড়ে চার ফুট গভীরে পৌঁছানোর পর তারা শক্ত ধাতব বস্তুর সন্ধান পান। সতর্কতার সঙ্গে মাটি সরানোর পর রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে তাৎক্ষণিকভাবে রামগতি থানায় খবর দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে রকেটের মতো। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থাকে অবহিত করা হয়েছে। তাদের পরীক্ষার পরই নিশ্চিতভাবে বলা যাবে এগুলো কী ধরনের বিস্ফোরক।”
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত রকেট বা মর্টারশেল হতে পারে, যা দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা ছিল। তাদের ভাষ্য, ২০১৭ সালে সড়ক নির্মাণের সময় এত গভীরভাবে খনন না হওয়ায় সেগুলো তখন শনাক্ত হয়নি।
আপনার মতামত লিখুন