সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে তিন মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল- “নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি।”অভিযানে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার স্থান ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও ক্যাম্পাস সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ লক্ষ্যেই তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কলেজের সাধারণ সম্পাদক শিক্ষক মজনু মিয়া, বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাব্বি, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আতিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান এবং থানা ছাত্রদলের সদস্য ও কলেজ ছাত্রনেতা ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের নেতারা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুধু একদিনের কর্মসূচি নয়। তিন মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।