সিরাজগঞ্জ-বগুড়া প্রস্তাবিত রেলপথে রায়পুরে জংশন স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এ্যাড. মাহবুব এ খোদা টুটুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ, কিন্তু শহরবাসী এর সুবিধাবঞ্চিত হতে যাচ্ছে। শহর থেকে ৫ কিলোমিটার দূরে কালিয়া হরিপুরে জমি অধিগ্রহণ করে স্থাপন করা হচ্ছে জংশন স্টেশন। অথচ শহরের রায়পুরে স্টেশন রয়েছে, রেলওয়ের নিজস্ব ভূমি রয়েছে। রায়পুরে জংশন স্টেশন স্থাপন করা হলে সরকারি অর্থ অপচয় রোধ হবে, শহরবাসীর রেলসুবিধা নিশ্চিত হবে। অবিলম্বে এই রেলপথের নকশা পরিবর্তন করে রায়পুরে জংশন স্থাপনের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবি, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মান প্রকল্প গ্রহন করে তৎকালীন সরকার, বর্তমান সরকার দায়িত্বগ্রহনের পর গতি ফিরেছে এই প্রকল্পে।