প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দিয়েছে মানবিক সংগঠন এ্যাডমিকি’ ফাউন্ডেশনের পরিচালক নাজমুল শাহাদত। এ সময় পুলিশ সুপার কার্যালয়ের সামনে একটি ঔষধি গাছের চারা রোপন করেন পুলিশ সুপার।
বুধবার (১৭ জুন) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাতে এসব চারা তুলে দেন এ্যাডমিকি’র পরিচালক নাজমুল শাহাদত।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপহার হিসেবে দেওয়া চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে। এসব চারা পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানায় বিতরণ করা হবে। পরবর্তীতে থানা প্রাঙ্গন ও আশপাশের এলাকায় সেগুলো রোপণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতেও জেলা পুলিশের সম্পৃক্ততা একটি প্রশংসনীয় উদ্যোগ। বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।