সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতি থেকে ধানগড়া আঞ্চলিক সড়কের ফুলজোর নদীর সেতুর (ব্রিজ) সামনের পাকা রাস্তার একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এ সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকির মধ্যে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত না করায় গর্তটি দিন দিন বড় হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় গর্তটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলার ভূইয়াগাঁতি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান মনি বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা দীনেশ চন্দ্র বলেন, দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভূইয়াগাঁতী এলাকার সমাজকর্মী সুশান্ত কুমার তালুকদার বলেন, দুর্ঘটনা এড়াতে অস্থায়ীভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত স্থায়ী মেরামতের উদ্যোগ নেওয়া হোক।
দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো: রবিউল আলম জানান, দ্রুত স্থায়ী মেরামতের জন্য উদ্যোগ গ্রহন করা হবে।