সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম হোসেন (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে দুই আসামীকে যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর আসামী লাইলী খাতুনকে ২ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩১ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এরায় প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার শফিক এতথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের মোক্তার সরকারের ছেলে আল-আমিন ও সলঙ্গা থানার আংগারু গ্রামের লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দীন।
মামলার অভিযোগ পত্র উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো শিশু ছাইম। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে শিশু ছাইমের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেন। এঘটনায় নিহত শিশুর দাদা আলীম উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করেন। আজ এ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও অপর আসামীকে ২ বছরের কারাদন্ড প্রদান করে আদালত।
আপনার মতামত লিখুন