আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের পরিচিত মুখ মো. হুমায়ুন কবির তয়ছের।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্বাচনী পথসভা, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী উমারপুর ইউনিয়নের বাউসা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন হুমায়ুন কবির তয়ছের। পরে তিনি চরপাচুরিয়া, দত্তকান্দি, ছোলের বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও পথসভায় হুমায়ুন কবির তয়ছের বলেন, উমারপুর ইউনিয়ন যমুনা নদীবেষ্টিত এবং বিভিন্ন অংশে বিভক্ত। এখানে মাদকের ছড়াছড়ি রয়েছে। আমি নির্বাচিত হলে কোনো মাদক কারবারি বা মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বিচারকার্য পরিচালনায় অনিয়ম ও উভয় পক্ষের কাছ থেকে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হবে। তাদের মাধ্যমে বিচারকার্য পরিচালনা ও সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। এতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি অঙ্গীকারবদ্ধ। সততা, ন্যায়নীতি ও স্বচ্ছতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আসন্ন নির্বাচনে ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে মানুষের কল্যাণে চলমান উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে এবং এ ধারাবাহিকতা বজায় রাখা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সৎ, কর্মঠ ও তরুণ নেতৃত্ব হিসেবে হুমায়ুন কবির তয়ছের ইতোমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান বলেও জানান স্থানীয় অনেক বাসিন্দা।
আপনার মতামত লিখুন