সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমগাছি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রি করার জন্য ফিরছিলেন আবু বক্কর। এ সময় গাড়ি থেকে একটি পাঙ্গাশ মাছ সড়কে পড়ে যায়। তখন মাছটি তুলতে গাড়ি থেকে সড়কে নামে বক্কর। মাছটি তোলার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, দুর্ঘটনার পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন