সারাদেশে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে চলছে তুমুল উন্মাদনা। আর এই ফুটবল প্রেমকে এক অনন্য ও ব্যতিক্রমী উচ্চতায় নিয়ে গেছেন সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের এক চা বিক্রেতা রিপন হোসেন। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব পন্থা।
আজ রোববার (১৯ জুলাই) সকাল দেখা যায় নিজের পুরো শরীরে আকাশী-সাদা রঙে আর্জেন্টিনার পতাকার আদলে নকশা এঁকে দোকানে চা বিক্রি করছেন তিনি।
রিপন হোসেনের পুরো শরীরে আর্জেন্টিনার পতাকার রঙ আঁকার খবরটি ছড়িয়ে পড়তেই চারদিকে শোরগোল পড়ে যায়। প্রতিদিন তার দোকানে চা খেতে আসা মানুষ তো বটেই, ফুটবলপ্রেমী ও উৎসুক জনতা তাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে এসে ভিড় করছেন তার দোকানে। চায়ের কাপে চুমুক দেওয়ার পাশাপাশি সবাই ব্যস্ত রিপনের সাথে সেলফি তুলতে। রিপনের দোকানটি এখন কেবল চা বিক্রির জায়গা নয়, বরং আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
দোকানদার রিপন জানান, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। দলের প্রতি আমার ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী সাজে চা বিক্রি করছি। এতে ক্রেতাদেরও আগ্রহ বেড়েছে এবং সবাই বিষয়টিকে আনন্দের সঙ্গে গ্রহণ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকে রিপনের এই ভিন্নধর্মী ও শৈল্পিক উদ্যোগ পুরো তাড়াশ এলাকায় ফুটবল আমেজে এক নতুন মাত্রা যোগ করেছে। নিজের পছন্দের দলকে সমর্থন জানানোর এমন নান্দনিক উপস্থাপনা অনেকের কাছেই দারুণ আকর্ষণীয় বলে মনে হয়েছে।
আপনার মতামত লিখুন