সিরাজগঞ্জ পৌরশহরের বাজার স্টেশনে রফাতুল্লাহ ফার্মেসী'র মালিক সাধন কুমার চক্রবর্তী হত্যা মামলায় ৭ যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষনা করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডঃ হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ পৌরশহরের বাজার স্টেশনের রফাতুল্লাহ ফার্মেসী'র মালিক সাধন কুমার চক্রবর্তী হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষনার সময় সকল আসামী পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনীর আব্দুর রহমানের ছেলে শাহাদত হোসেন কুটুম, একই এলাকার আবুল কালামের ছেলে তারা মিয়া, মালশাপাড়া মহল্লার নান্নু ডাকাতের ছেলে ইমরান, মীরপুর উত্তরপাড়ার এরশাদ আলীর ছেলে উজ্জল, রেলওয়ে কলোনীর মুখরম মন্ডলের ছেলে রিকো, একই এলাকার অনছার আলীর ছেলে গোলাম ও হোসেনপুর খলিফাপাড়া মহল্লার নুর ইসলামের ছেলে টোকাই মনির।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় রফাতুল্লাহ ফার্মেসী বন্ধ করে বাই সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফার্মেসী মালিক সাধন কুমার চক্রবর্তী। পথে মীরপুর বিড়ালা কুঠি এলাকায় ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা ওষুধ বিক্রির কিছু টাকা ও বাই সাইকেল নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ পৌরশহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১৫ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের চাচাতো ভাই শ্রী চন্দন কুমার চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ ৭ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।
আপনার মতামত লিখুন