প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আজিজুর রহমান দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবেশ দূষণের কারনে বর্তমানে নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।এমন কিছু রোগ আছে যা চিকিৎসকরা শনাক্ত করতে পারছে না। এর মূল কারণ পরিবেশ দূষণ, স্বচ্ছ অক্সিজেনের অভাব। তাই বৃক্ষরোপন ছাড়া সুস্থ জীবন গড়ার বিকল্প নেই। দেশে ২৫ শতাংশ বনায়ন করা হবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গাছ কর্তন করে প্রায় ১৪ শতাংশে নেমে গেছে। এ জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় কতগাছ লাগানো হবে তা নির্ধারণ করে দিয়েছেন।
সেই হিসেবে আজ দুই হাজার গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও রোপণ করা হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রীর টার্গেট অনুযায়ী বৃক্ষ রোপন করা হবে।