সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রামের মোঃ মোন্নাফের ছেলে শাহাদত হোসেন, চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম ও চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলার রায় ঘোষনার সময় ৬ আসামী উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে যাবজ্জীন কারাদন্ড দেওয়া হয়েছে। এবং রায় ঘোষণার পরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে পাশ্বর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিকের বন্ধুত্ব ছিলো। সেই সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা হাওলাদ নেয় হীরা মানিক। পাওনা টাকা নিয়ে কৃষক ছানোয়ার হোসেন ও হীরা মানিকের মধ্যে বিরোধ চলে আসছিলো।
২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক মোবাইল ফোনে কৃষক ছানোয়ার হোসেনকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য্য নদীতে ভাসমান অবস্থায় কৃষক ছানোয়ার হোসেনের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৬ জনকে অভযুক্ত করে ২০২২ সালের ৩০ এপ্রিল
আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ৬ আসামীকে আজ যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।
এসময় আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার।
আপনার মতামত লিখুন