গত ৭ মাসে রেকর্ড ১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ ৩ হাজার ২১টি মামলা করেছে। এসব মামলায় সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা। এই রাজস্ব আদায় তাদের জন্য অনন্য এক রেকর্ড।
পুলিশ পরিদর্শক আরো বলেন, জেলার কোনো নির্দিষ্ট এলাকায় যানজট বা সড়কে বিশৃঙ্খলা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী বিশেষ টিম পাঠানো হয়। এসব টিম মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন, সড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।
তিনি আরো বলেন, গ্রীষ্মকালে তীব্র গরম। যেখানে সড়কে ১ ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকতে পারেন না, সেখানে আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে সবসময় কাজ করি। যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান. পুলিশ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে পেট্রোল টিম। এরা তাৎক্ষণিকভাবে যেকোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিমগুলো নিয়মিত কাজ করছে। জেলার কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাজ চলমান রয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় আমাদের দায়িত্ব।
আপনার মতামত লিখুন