সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার ভাই রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম ও জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, মামলায় মোট ১৪ জন আসামী ছিলেন। এদের মধ্যে চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণীত না হওয়ায় ১০ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ মারা গেছেন (মৃত)।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সাথে আসামীদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট আসামীরা সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৪ জনকে অভিযুক্ত করে ২০১০ সালের ৬ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এসময় আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মোঃ ফেরদৌস ওয়াহেদ (সুমন)।
আপনার মতামত লিখুন