ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ব্যাংকের ১০ লাখ ১১ হাজার ৮ টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার গ্রামীন ব্যাংকের সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন কে পাঁচ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে আদালত আসামিকে ব্যাংকের আত্মসাতকৃত ১০ লাখ ১১ হাজার ৮ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাবনার স্পেশাল জেলা ও দায়রা জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন। কোর্ট ইন্সপেক্টর আশরাফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার অপর দুই আসামি ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (২য় কর্মকর্তা) সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।মামলার এজাহারের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার গ্রামীন ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (২য় কর্মকর্তা) সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ভূয়া ঋণ বিতরণ দেখিয়ে অপরাধজনক বিশ্বাসভংগের মাধ্যমে ব্যাংকের ১০ লাখ ১১ হাজার ৮ টাকা আত্মসাত করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।এঘটনায় ২০১৯ সালের ২৩ জানুয়ারী দুদকের পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় আজ আদালত সৈয়দ আব্দুল্লাহ আল মামুন কে পাঁচ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দুই আসামী সৈয়দ নজরুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত না হওয়ায় তাদের বেকসর খালাস প্রদান করেন।