সিরাজগঞ্জে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার লাখ টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা ও বিদিরপুর গ্রামে ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামীদের মধ্যে রায় ঘোষনার সময় আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। দুই জন পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দন্ডপ্রাপ্ত আসামীরা মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে জড়িত। দেশের বিভিন্ন স্থানে তারা মাদক সরবরাহ করে। ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব-১২ কাছে সংবাদ আসে কয়েকজন লোক রাজশাহী থেকে ট্রাকযোগে হেরোই নিয়ে ঢাকায় যাচ্ছেন। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এমন সময় একটি ট্রাক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশী চালায়। এসময় ২৫০ গ্রাম হেরোইন সহ সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করে।
এঘটনায় র্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
আপনার মতামত লিখুন