সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মেসি-নেইমারের ‘নাম্বার টেন’ জার্সিতে বেশি আগ্রহ

বিশ্বকাপ ফুটবল আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। শেষ মুহূর্তে এসে পছন্দের দলের জার্সি কেনার ধুম পড়েছে চট্টগ্রামে। ক্রীড়াপাড়া হিসেবে পরিচিত নগরীর কাজীর দেউরী এলাকায় চট্টগ্রাম স্টেডিয়ামের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে নানা বয়সী সমর্থকের ভিড় লেগেই আছে।  খোঁজ নিয়ে জানা গেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেনসহ কয়েকটি দলের জার্সি বেশ বেচাকেনা হচ্ছে। বেচাকেনা হচ্ছে এসব দেশের পতাকাও। বরাবরের মতোই চাহিদার তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি ও নেইমারের ১০ নাম্বার জার্সির দিকেই বেশি নজর ফুটবলপ্রেমীদের।  গত সোমবার নগরীর আগ্রাবাদে ভ্যানে করে জার্সি বিক্রি করছিলেন ময়মনসিংহের বাসিন্দা জসিম উদ্দিন। তিনি বলেন, পাঁচ-ছয়টি দেশের জার্সি বেচাকেনা হলেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। প্রতিটি জার্সি ১৫০-২৫০ টাকায় বিক্রি করছেন। এই বিক্রেতার সঙ্গে কথা বলার মধ্যেই শিশুপুত্রকে নিয়ে জার্সি কিনতে আসেন আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার আহমেদ হোসেন। তিনি বলেন, ‘এলাকার ছেলেদের গায়ে জার্সি দেখে আমার ছেলেও জার্সি কেনার বায়না ধরেছে। এজন্য তাকে জার্সি কিনে দিচ্ছি। আমি নিজে আর্জেন্টিনার সমর্থক। তবে ছেলে ব্রাজিলের জার্সি পছন্দ করছে।’  একই চিত্র ফুটপাতের অন্য দোকানেও। তবে উচ্চ আয়ের লোকজন কাজীর দেউরীর স্টেডিয়াম এলাকায় দোকানে ভিড় করছেন। ব্যবসায়ীরা জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি বেশি বিক্রি হচ্ছে। তবে বেশি চলছে নেইমার ও মেসির ১০ নাম্বার জার্সি। এ ছাড়া পর্তুগালের রোনালদো ও ফ্রান্সের এমবাপ্পের জার্সিও চলছে। এখানে প্রতি জার্সি ৫০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।  লক্ষ্মীপুরে মারধরের অভিযোগ লক্ষ্মীপুরে আর্জেন্টিনার পতাকা টানানো নিয়ে বিরোধের জেরে পিটুনির শিকার হয়েছেন আজাদ হোসেন (২০) নামের এক তরুণ। তাঁর অভিযোগ, ব্রাজিল সমর্থক এক যুবক রিভলবার দিয়ে আঘাত করেছেন। গত সোমবার বিকেলে চন্দ্রগঞ্জের হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলায় এই ঘটনা ঘটে।  দুধে গোসল করে দলবদল এদিকে শেরপুর জেলা শহরের এক আর্জেন্টিনা সমর্থক ১০ লিটার দুধে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন। গত সোমবার রাতে শহরের চাপাতলি মহল্লায় ব্যতিক্রমী এই দলবদল করেন শিক্ষার্থী দেবপ্রিয় দাস শিবু। ব্রাজিল সমর্থকেরা ফেসবুকে এ-সংক্রান্ত ভিডিও ছেড়ে দেওয়ার পর ব্যাপক আলোড়ন তৈরি হয়। 

মেসি-নেইমারের ‘নাম্বার টেন’ জার্সিতে বেশি আগ্রহ