সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগরে অবস্থিত দিশারী ল্যাবরেটরী স্কুলে উৎসবমুখর পরিবেশে মধুমাস উদ্যাপন ও ডিটিএইচ স্টার ট্যালেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) উপজেলার শেরনগরে অবস্থিত দিশারী ল্যাবরেটরী স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় ফলের ঐতিহ্য তুলে ধরা, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে নানা আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীরা মধুমাস উপলক্ষে বিভিন্ন দেশীয় ফল যেমন ভেউয়া, দেশি গাবসহ মৌসুমি ফল প্রদর্শন করে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি, বক্তৃতা, কুইজ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা আনন্দঘন সময় উপভোগ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী ল্যাবরেটরী স্কুলের পরিচালক মাওলানা সাইদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশও সমানভাবে জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের প্রতিভা প্রকাশের সুযোগ সৃষ্টি করে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোচিং শাখার পরিচালক আল আমিন হোসেন। তিনি বলেন, মধুমাস আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি ট্যালেন্ট প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের লুকিয়ে থাকা মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুল শাখার সহকারী পরিচালক রুপা খাতুন, শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।