সিরাজগঞ্জ    রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রৌমারী সীমান্তে ৫ জনকে পুশইন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে চতুর্থ দফায় পুশইনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সীমান্তজুড়ে কড়া নজরদারিতে রেখেছে। রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে উপজেলার গয়লাপাড়া সীমান্তের ১০৬০/১-এস পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী এবং দু’জন শিশু রয়েছে। ভারতীয় সীমান্তের ঝালোরচর বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে তাদের নোম্যান্সল্যান্ডে নামিয়ে দেয়া হয়। ঘটনার পরপরই গয়লাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি সদস্যরা সীমান্তজুড়ে কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। গয়লাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় আমরা সর্বদা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছি। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের ১০৬৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়েও আরো তিনজনকে বাংলাদেশে নামিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে রৌমারী সীমান্তে একাধিক পুশইনের ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

রৌমারী সীমান্তে ৫ জনকে পুশইন