সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের 'এটিএসআই' নিহত
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় নুরুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেন দিয়ে এসে ওভারটেক করার সময় নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মহাসড়কে ট্রাকচাপায় এটিএসআই নুরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।