সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে পৃথক দুটি মামলায় এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারি গ্রামের শীতল প্রামানিকের ছেলে রেজাউল করীম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্তির মোড় এলাকার মৃত মইনুল ইসলামের মেয়ে মলি বেগম।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) শামসুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামী রেজাউল করীম উপস্থিত ছিলেন। এবং অপর আসামী মলি বেগম পলাতক আছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ১৫ জুলাই সিরাজগঞ্জ ডিবি পুলিশের কাছে সংবাদ আসে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭৫ গ্রাম হেরোইন সহ রেজাউল করীমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অপর দিকে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর র্যাব-১২ এর দল টহল ডিউটি পালন কালে জানতে পারে এক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২'র সদস্যরা সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশী চালায়। এক পর্যায়ে ঢাকা গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭০ গ্রাম হেরোইন সহ মলি বেগমকে আটক করে।
এই দুটি মামলায় আজ একই আদালতে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।