প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এই রায় প্রদান করেন।দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে উজ্জল হোসেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট এনামুল করীম শাহীন এতথ্য নিশ্চিত করে বলেন, মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। আসামী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৭ অক্টোবর সিরাজগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে সংবাদ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে কয়েকজন যুবক ঢাকায় যাচ্ছে। সংবাদ পেয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়েক সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশী শুরু করে। দুপুরের দিকে একটি ট্যাংকলরী থামিয়ে তল্লাশী করে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রুবেল ও উজ্জল নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।এই ঘটনায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ এই মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা