প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
সলঙ্গায় গভীর রাতে গোয়ালঘর থেকে কৃষকের ৪টি গরু চুরি
স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।বুধবার (২২ জুলাই) সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত গ্রামের বাসিন্দা নুরু আলমের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।স্থানীয়দের ভাষ্য, নুরু আলম একজন কৃষক। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা গবাদিপশুই ছিল তাঁর পরিবারের প্রধান জীবিকার উৎস। এক রাতের ব্যবধানে সেই সম্বল হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চুরি হওয়া গরু উদ্ধার, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা