প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের সবুজ আলী (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একই ইউনিয়নের হাসাকোলা গ্রামের পানি নিষ্কাশন খাল থেকে উদ্ধার করা হয়। নিহত সবুজ আলী শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।এ বিষয়ে নিহতের স্ত্রী রাহেলা খাতুন জানান, তার স্বামী সবুজ আলী এক ছেলে ও এক মেয়ের জনক। গত বুধবার (৯ জুলাই) বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোজ ছিলো। তিনি নিখোজের ঘটনায় তার স্ত্রী বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ করেন। পরিবার থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও বন্ধ। শুক্রবার সকালে হাসাকোলা গ্রামের খালে অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে লাশটি আমার স্বামীর বলে সনাক্ত করি। এ দিকে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত সবুজ আলীর মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি আরও বলেন সবুজ আলী পেশায় একজন চোর। তার বিরুদ্ধে শাহজাদপুর ৩টি, বেলকুচি ২টি ও এনায়েতপুর থানায় ১টি মোট ৬টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া সে জুয়া ও মাদকে আসক্ত ছিলো। অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে সে জড়িত ছিলো। তার চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এ সব নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হাতে সে খুন হয়েছে। ঘাতকরা হত্যার পর লাশ ওই স্থানে ফেলে নিরাপদে পালিয়ে গেছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং পুলিশের তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাহেলা খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা